ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘সাপ দিয়ে পাতা’ খেলা অনুষ্ঠিত

author
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৫ জুন, ২০২৬ বিকেল ৪:১৪
ad003
গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে দিনাজপুরের কাহারোল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘সাপ দিয়ে পাতা’ খেলা।উপজেলার হাতিসা গ্রামের যুব সমাজের উদ্যোগে ও  স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৫ (জুন) সোমবার বিকেলে  খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

খেলাকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন গ্রামের মানুষ নির্ধারিত মাঠে জড়ো হতে থাকেন। শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও উপস্থিত হয়ে উপভোগ করেন গ্রামীণ ঐতিহ্যের এই ব্যতিক্রমধর্মী আয়োজন।খেলাটির উদ্বোধন করেন ৩ নং মুকুন্দ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান লিমন।  খেলায় অংশগ্রহণকারীরা তাদের দক্ষতা ও কৌশলের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তি ও বিনোদনের ভিড়ে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতি ক্রমেই হারিয়ে যাচ্ছে। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে গ্রাম বাংলার ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করিয়ে দিতেই এ আয়োজন করা হয়েছে।

স্থানীয় প্রবীণরা বলেন, একসময় গ্রামের বিভিন্ন উৎসব ও সামাজিক অনুষ্ঠানে ‘সাপ দিয়ে পাতা’ খেলা ছিল অন্যতম আকর্ষণ। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখতে পেয়ে তারা আনন্দিত। তারা নিয়মিতভাবে এ ধরনের ঐতিহ্যবাহী খেলার আয়োজনের দাবি জানান।

দর্শনার্থীরা বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদনেরই নয়, বরং গ্রামের সামাজিক বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হন।

অনুষ্ঠান শেষে,হাতিসা যুব সমাজের সভাপতি মোঃ মমিনের সভাপতিত্বে, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ মামুনুর রশিদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দের মাঝে পুরুষ্কার প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমরান সর্দার।  আয়োজকরা ভবিষ্যতেও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকসংস্কৃতি সংরক্ষণে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT