ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত ও সেবার মান উন্নয়নে সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) শহরের হোটেল ড্রিম ড্রিমে এ সভার আয়োজন করে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের ইআরইডিএমসিএম প্রকল্প।
ইআরইডিএমসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রাজন বিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মো: তানভির আহম্মেদ। বিশেষ অতিথি ও অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, ইআরইডিএমসিএম প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. ইকবাল হোসেন, এডভোকেসি কর্মকর্তা মো. শাহাদাত সারওয়ার, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যকর অংশগ্রহণ এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অ প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি তাদের সামাজিক ক্ষমতায়ন এবং সমাজের মূলধারায় সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরা হয়। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সচেতনতা বৃদ্ধি ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা জরুরি বলেও উল্লেখ করা হয়।
এতে প্রতিবন্ধি ব্যক্তি, প্রতিবন্ধী শিশুদের অভিভাবক, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, সমাজ সেবা বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, পিসিসির যুব দলের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।