ঢাকা | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ইং | ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার

author
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ সকাল ১০:০০
ad003
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সীচা ফকিরপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মঞ্জু মিয়া (৩৮) এবং উত্তর দুলাল গ্রামের মোকলেছুর রহমান বালাজুর ছেলে বাদল মিয়া (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দিবাগত রাতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে একটি দল উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের সীচা (খামার) এলাকা ও চণ্ডিপুর বাজারে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ২০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধার হওয়া ইয়াবাগুলো স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলেও ধারণা করা হচ্ছে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সুন্দরগঞ্জেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT