ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুর গ্রিন ভ্যালি পার্কে বিদেশি নাগরিককে হেনস্তা: মূল আসামি গ্রেপ্তার

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ সকাল ১০:০৪
ad003
নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি নাগরিককে হেনস্তা ও চাঁদা দাবির ঘটনায় দায়েরকৃত মামলার মূল আসামি মোঃ আকাশ (২৩) কে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে ২০২৬ তারিখে লালপুর উপজেলার লালচানপাড়া এলাকায় অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে কথিত টিকটকার মোহাম্মদ সাধুর আয়োজনে “টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬” শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১২০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

অভিযোগে বলা হয়, ওইদিন দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কের ভেতরে চলাচলের সময় অনুষ্ঠানে অংশ নেওয়া ১০-১৫ জন ব্যক্তি তাদের পথরোধ করে বিভিন্ন অশ্লীল মন্তব্য করে এবং ভিডিও ধারণ করে। বিদেশি নাগরিকরা এতে আপত্তি জানালে তাদের সঙ্গে অসদাচরণ করা হয় এবং অর্থ দাবি করা হয়। অর্থ না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান ও অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট ব্যক্তিরা পার্ক ত্যাগ করেন।

ঘটনার পরদিন ৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ভিডিওতে বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে অশালীন ও আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি লালপুর থানার মামলা নং-১৬, তারিখ ০৯/০৫/২০২৬ হিসেবে রুজু হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩৮৫ ও ৫০০ ধারাসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(২) ও ২৭ ধারায় অভিযোগ আনা হয়।

পুলিশ জানায়, মামলার মূল আসামি মোঃ আকাশ (২৩), পিতা- মোঃ সেলিম, সাং- সিরোইল কলোনি, বোয়ালিয়া, রাজশাহীকে মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে লালপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT