নেত্রকোণা সদর উপজেলার কান্দুলিয়া এলাকায় ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে পরিচালিত জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা, একটি পিকআপ ও লড়াইয়ে ব্যবহৃত একটি ষাঁড় গরু জব্দ করা হয়।
বুধবার (১৭ জুন) ভোরে নেত্রকোণা মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কান্দুলিয়া কালীবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের পাশে একটি পতিত জমিতে টাকার বিনিময়ে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে এসআই (নিরস্ত্র) মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের নগদ অর্থ জব্দ করা হয়। এছাড়া ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৮৯ নম্বরের একটি পিকআপ এবং আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু জব্দ করা হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা টাকার বিনিময়ে ষাঁড়ের লড়াই পরিচালনার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।