ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

author
যাযাদি দেস্ক

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬ দুপুর ৩:১৬
ad003
জামায়াত-ইসলামী ও ছাত্রশিবিরের 'অপপ্রচার' এবং 'শিষ্টাচারবহির্ভূত' রাজনীতির প্রতিবাদে রাজধানীর পল্টনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।

আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সমাবেশে যুবদলের কেন্দ্রীয়, ঢাকা মহানগর দক্ষিণ এর বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি বলেন, "বিএনপি বর্তমানে রাষ্ট্র সংস্কার ও নতুন সরকার গঠনে পূর্ণ মনোযোগ দিচ্ছে। বিএনপি মাঠে সরাসরি কর্মসূচিতে কিছুটা শিথিলতা দেখানোর সুযোগে একটি রাজনৈতিক দল (জামায়াত-ইসলামীকে ইঙ্গিত করে) বিভিন্ন ধরনের অপপ্রচার এবং অপরাজনীতিতে লিপ্ত হয়েছে।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের অপরাজনীতি যদি অবিলম্বে বন্ধ না হয়, তবে রাজপথেই এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়ে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, যুবদল অতীতেও রাজপথে ছিল, এখনো আছে। দলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে সরাসরি কোনো বক্তব্য না দিলেও যুবদল মাঠ পর্যায়ে কোনো ধরনের অপপ্রচার বরদাস্ত করবে না।

নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় যুবদলের শীর্ষ নেতৃবৃন্দের বক্তব্যে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে যুবদলের একটি বিশাল বিক্ষোভ মিছিল নয়াপল্টন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মৎসভবন মোড় হয়ে শাহবাগে শেষ হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT