ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় জমি লিখে নেওয়ার অভিযোগ পুত্রের বিরুদ্ধে

author
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ সকাল ৬:৪৩
ad003
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অসুস্থ ও বৃদ্ধ বাবার সরলতার সুযোগ নিয়ে প্রতারণার মাধ্যমে জমি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে এখন নিজের জমি ফেরত পেতে বিভিন্ন জায়গায় ঘুরছেন ৯০ বছর বয়সী বাবা। জমি ফেরত চাইলে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ঘটনাটি উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের তালদশী গ্রামে। অভিযুক্ত মোহর উদ্দীনের বিরুদ্ধে তাঁর বাবা আব্দুল জব্বার পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছেন আব্দুল জব্বার। তিনি দাবি করেন, চিকিৎসার কথা বলে তাঁর দ্বিতীয় ছেলে মোহর উদ্দীন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন। পরে কৌশলে পাকুন্দিয়া সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে তাঁর অজান্তে ও প্রতারণার মাধ্যমে প্রায় সাড়ে ১০ শতাংশ জমি হেবা দলিলের মাধ্যমে নিজের নামে লিখে নেন।

পরবর্তীতে বিষয়টি জানতে পেরে জমি ফেরত দেওয়ার অনুরোধ করেন আব্দুল জব্বার। তবে জমি ফিরিয়ে দেওয়ার পরিবর্তে তাঁকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত মোহর উদ্দীন অভিযোগ অস্বীকার করে বলেন, “বাবা স্বেচ্ছায় আমার নামে জমি লিখে দিয়েছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।”

বৃদ্ধের বড় ছেলে গিয়াস উদ্দীন জানান, বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। বরং সালিশে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে মোহর উদ্দীন তাঁকে ও তাঁর বাবাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন।

এ ঘটনায় মঙ্গলবার (১৬ জুন) আব্দুল জব্বার বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT