নাটোরের লালপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্ষার পানি প্রবেশ করায় শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বিদ্যালয় প্রাঙ্গণসহ একাধিক শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে। ফলে শিক্ষার্থীদের জন্য স্বাভাবিক পরিবেশে পাঠদান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। শ্রেণিকক্ষগুলো পানিতে নিমজ্জিত হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে পাঠদান কার্যক্রম বন্ধ রেখে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম ইলিয়াস হোসেন জানান, “বর্ষার পানিতে বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণিকক্ষ ও মাঠ তলিয়ে গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পাঠদানের পরিবেশ নিশ্চিত করা সম্ভব না হওয়ায় সাময়িকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। পানি নেমে গেলে দ্রুত পুনরায় পাঠদান কার্যক্রম শুরু করা হবে।”
এদিকে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকতউল্লাহ সরজমিনে ঘটনাস্হল পরিদর্শন করে প্রধান শিক্ষককে জলবদ্ধতা নিরাসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে বারবার জলাবদ্ধতার সমস্যা দেখা দেওয়ায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তা না হলে ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।