ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ সকাল ৮:৫৯
ad003
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত সময়ে উপজেলার মাসকা ও সান্দিকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা এবং ডাউকি গ্রামের বেদেনার ছেলে আশরাফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরার উদ্দেশ্যে গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত আশরাফুল ইসলাম বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে মৃত অবস্থায় উদ্ধার হন। স্থানীয়দের ধারণা, তিনিও বজ্রপাতে নিহত হয়েছেন।

কেন্দুয়া থানার পুলিশ ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছে। তবে আশরাফুল ইসলামের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রপাতে দুই জনের মরদেহ  দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। 

এদিকে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে খোলা মাঠ, বিল ও জলাশয়ে অবস্থানকালে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টরা সবাইকে পরামর্শ দিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT