ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে দীর্ঘদিন পর দুই ইউপি চেয়ারম্যান দায়িত্ব ফিরে পেলেন

author
ধর্মপাশা- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬ সকাল ১০:৩১
ad003
সুনামগঞ্জের মধ্যনগরে দীর্ঘদিন পর দায়িত্ব ফিরে পেলেন চামারদানী ইউপির চেয়ারম্যান  মো. আলমগীর খসরু, মধ্যনগর সদর ইউপির  চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার।

হাইকোর্টের নির্দেশনা এবং জেলা প্রশাসনের এক আদেশের মাধ্যমে তাদের পুনরায় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের স্থানীয় সরকার শাখা থেকে ১৭ জুন জারি করা পৃথক দুটি অফিস আদেশে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা এবং হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে মো. আলমগীর খসরুকে চামারদানী ইউনিয়ন পরিষদ ও সঞ্জিব রঞ্জন তালুকদারকে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই চেয়ারম্যানই দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে পরিচালিত হয়।

পরবর্তীতে হাইকোর্টের নির্দেশনা এবং স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসন তাদের পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেয়।

বৃহস্পতিবার সকাল থেকে ওই দুই চেয়ারম্যানকে নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। দায়িত্ব ফিরে পাওয়ার ফলে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে স্থানীয়ভাবে আশা প্রকাশ করা হচ্ছে।

জেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আদালতের নির্দেশনা এবং মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দুই চেয়ারম্যানকে তাদের দায়িত্ব পালনের জন্য প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট সূত্র বলছে, আদালতের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে তারা নির্বাচিত চেয়ারম্যান হিসেবে পুনরায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT