গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তালহা স্পিনিং মিলের শ্রমিকরা। এসময় মহাসড়কের দু'পাশে ১৫কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যার ফলে দুর্ভোগে পড়ে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে তারা। পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের টিয়ার সেল ছুঁড়ে সরিয়ে নেয়ায় প্রায় পৌনে তিন ঘন্টা পর রাত পৌনে ১টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানার শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গত মে মাসের বেতনের জন্য কারখানা কর্তৃপক্ষ বললেও তারা বেতন পরিশোধে কয়েকটি তারিখ দেয়। কিন্তু বেতন পরিশোধ করেননি। ওই মাসের বেতন বুধবার পরিশোধের শেষ তারিখ থাকলেও তা পরিশোধ করা হয়নি। বৃহস্পতিবার সারাদিনও বেতন পরিশোধ না করায় বৃহস্পতিবার রাত ১০টায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।
সবুজ মিয়া নামের এক শ্রমিক বলেন,' খেয়ে না খেয়ে ডিউটি করেছি। এখন মধ্য রাতে বেতনের জন্য রাস্তায় নামতে হয়। খুবই কষ্টে সংসার চলছে। নাওয়া-খাওয়া বন্ধ। দোকানে বাকি। বাসাভাড়ার জন্য চাপ বাড়ছে।'
এসব বিষয়ে বক্তব্য নেওয়ার প্রয়োজনে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কারো বক্তব্য পাওয়া যায়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান যায়যায়দিনকে বলেন,'কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘন্টা খানেক পর যান চলাচল শুরু করে। পরিস্থিতি সম্পুর্ন নিয়ন্ত্রণে।'