দীর্ঘ প্রায় ২৫ বছর পর মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী নয়নের খাল উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৯ জুন) সকাল ১১টার দিকে মিরকাদিমের রিকাবীবাজার এলাকায় খাল পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। মিরকাদিম ও পঞ্চসার ইউনিয়নের মধ্যবর্তী স্থানে এ উদ্ধার অভিযান শুরু হয়।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও ভরাটের কারণে নয়নের খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হয়েছে। খাল উদ্ধার কার্যক্রমের মাধ্যমে খালের নাব্যতা পুনরুদ্ধারের পাশাপাশি এর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নের স্বার্থে খালটিকে সম্পূর্ণভাবে অবৈধ দখলমুক্ত করে এর অস্তিত্ব সংরক্ষণ করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
দীর্ঘদিন পর শুরু হওয়া এ উদ্ধার কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, খালটি পুনরুদ্ধার হলে এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি জলাবদ্ধতা সমস্যারও স্থায়ী সমাধান হবে এবং খালটি ফিরে পাবে তার হারানো ঐতিহ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল ইসলাম, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌর প্রশাসক মো. মাসুদুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#