মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে উদ্বোধন করা হয়েছে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী খেলাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশের এলাকায় ভিড় করেন বিভিন্ন বয়সী শত শত দর্শক। তাদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং গ্রামীণ ক্রীড়াচর্চাকে আরও গতিশীল করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার এইচ এম উজ্জল বলেন, গ্রামীণ জনপদে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা এবং তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ইকবাল হোসেন বলেন, স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় আয়োজনটি সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সিংজুরী বীণাপানি সংঘ ও বরোঙ্গাখোলা সবুজ সংঘ। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠে উপস্থিত দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে খেলার পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত সিংজুরী বীণাপাণি সংঘ ৩-১ গোলে বরোঙ্গাখোলা সবুজ সংঘকে পরাজিত করে টুর্নামেন্টের পরবর্তী পর্বে উন্নীত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে দুটি ফ্রিজ রাখা হয়েছে। এ ঘোষণার পর খেলোয়াড় ও দর্শকদের মধ্যে টুর্নামেন্ট নিয়ে আগ্রহ আরও বেড়েছে।
মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা এবং উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।