বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে মূলধারার শিক্ষার সমকক্ষ করতে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম এহসানুল হক মিলন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘প্রবেশিকা’ অনুষ্ঠান যোগ দিয়ে সংবাদ কর্মীদের এ কথা বলেন।
আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম এহসানুল হক মিলন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং বিশেষ করে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
অডিটোরিয়াম হল রুমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, শিক্ষামন্ত্রী মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, "বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে মূলধারার শিক্ষার সমকক্ষ করতে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ।
এসময় তিনি বলেন, দেশের নয়টি শিক্ষা বোর্ডে ৯ ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য যৌক্তিক নয়। সারা দেশে একই মানদণ্ডে শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের লক্ষ্যে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার মতোই সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।"
মাদ্রাসার জন্য সরকারের নতুন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, "আমরা দেশের মাদ্রাসাগুলোতে একটি ‘কমন কারিকুলাম’ বা সমন্বিত শিক্ষাক্রম চালুর বিষয়ে গুরুত্ব দিচ্ছি। এর মাধ্যমে একজন মাদ্রাসার শিক্ষার্থী ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক শিক্ষায় সমানভাবে পারদর্শী হয়ে উঠতে পারবে, যা তাদের কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।