ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেয়াল চাপায় নারীর মৃত্যু! সমোঝোতার আশায় থানায় না গিয়ে কাঁদছেন স্বামী

author
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুন, ২০২৬ সকাল ৮:২০
ad003
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামের লিচুবাগান এলাকায় প্রতিবেশীর মাটির দেয়াল ভেঙে পড়ে কোহিনুর বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে কাজ করার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কোহিনুর বেগম (৪৫) উপজেলার লিচুবাগান গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন কোহিনুর বেগম। এ সময় পাশের বাড়ির মো. জয়নাল কাউকে কিছু না জানিয়ে তার পুরনো মাটির দেওয়াল অপসারণের কাজ শুরু করেন। হঠাৎ সেই দেওয়ালটি ভেঙে পড়ে পাশের রান্নাঘরের ওপর। এতে দেওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন কোহিনুর বেগম এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার শরীর নিথর হয়ে পড়ে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষজানায়, কিছু সময় পরে নিহতের স্বজনদের কোনো অভিযোগ নেই মর্মে একটি কাগজে সাক্ষর করে লাশ নিয়ে যান নিহতের ছেলে। 

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: মাইশা ফারজানা জানান, হাসপাতালে মৃত অবস্থায় ওই ওই নারীকে আনা হয়েছে। তাঁর বুকে আঘাতের চিহ্ন ছিল।

নিহতের ছেলে মো. তুহিন জানান, দেওয়ালটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। প্রতিবেশী জয়নাল কাউকে আগে না জানিয়ে হঠাৎ দেওয়াল ভাঙার কাজ শুরু করেন। এ কারণে দেওয়াল ঘেঁষা রান্নাঘরে নিশ্চিন্তে কাজ করছিলেন তার মা।'

হাসপাতালে এসে প্রথমে চিৎকার চেঁচামেচি করে এ ঘটনার বিচার চান নিহতের স্বামী ও স্বজনরা। এর কিছু সময় পর থানায় কোনো অভিযোগ না দিয়ে হাসপাতালের কাগজে সাক্ষর দিয়ে লাশ নিয়ে বাড়িতে চলে যান নিহতের ছেলে তুহিন। এ বিষয়ে তিনি বলেন,' দেখি এখানে সমোঝোতার চেষ্টা করি।'

এ বিষয়ে প্রতিবেশী জয়নালের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন, " নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT