ঢাকা | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ইং | ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের অবকাঠামো উন্নয়নে সমন্বিত প্রকল্পের আশ্বাস দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

author
মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুন, ২০২৬ সকাল ১১:১২
ad003
দেশের উন্নয়ন ও অর্থনৈতিক পুনর্গঠনে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে।

শনিবার (২০ জুন) বেলা সোয়া ৩টার দিকে মুন্সীগঞ্জ সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান নেতৃত্বের অধীনে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, বরং সামগ্রিক জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে। বাংলাদেশের উন্নয়নকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও দৃশ্যমান করার লক্ষ্য নিয়েই সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির একটি পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। দেশের প্রতিটি খাতে কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় রেখে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারের চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, সারা দেশে খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। মৃতপ্রায় জলাধার পুনরুদ্ধার, নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং শিশুদের মেধা বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার সুযোগ সম্প্রসারণ এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতা কার্যক্রমও অব্যাহত রয়েছে।

মুন্সীগঞ্জের ঐতিহ্য ও ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জেলার গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন। অতীশ দীপঙ্কর ও জগদীশচন্দ্র বসুর মতো কৃতী ব্যক্তিত্বদের অবদান তরুণদের অনুপ্রাণিত করতে পারে।

জেলার অবকাঠামোগত সমস্যা নিয়ে তিনি বলেন, মুন্সীগঞ্জের বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। রাস্তা, সেতু ও কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন চাহিদা বিবেচনায় নিয়ে জেলার জন্য একটি সমন্বিত উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ হবে।

সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহ, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার, ফাহিমা নাসরিন, মাহমুদা হাবিবা ও মমতাজ আলোসহ অন্যান্যরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT