বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের কড়া জবাব দিয়েছে খুলনা মহানগর বিএনপি।
খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত নেতার বক্তব্যকে ‘মিথ্যা, মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক দূরভিসন্ধিমূলক’ আখ্যা দিয়েছে। খুলনায় বিএনপিসহ সব মহলেই নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।
শুক্রবার (১৯ জুন) এক যৌথ বিবৃতিতে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান নিয়ে মিয়া গোলাম পরওয়ারের মন্তব্য অত্যন্ত কুরুচিপূর্ণ ও অগ্রহণযোগ্য।
তারা দাবি করেন, এই স্লোগান দেশের জাতীয়তাবাদী চেতনা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতীক। এটি এখন দেশের ১৮ কোটি মানুষের শ্লোগান।
নগর বিএনপি নেতারা জামায়াতের অতীত ও সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন। তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ও প্রশাসনিক বিভিন্ন খাতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে জামায়াত, যা দেশের মানুষ দেখেছে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের বিষয়ে জামায়াতের সমালোচনার জবাবে বিএনপি নেতারা বলেন, বর্তমান সরকার আইন ও বিধি অনুযায়ী জনস্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করছে। এটিকে বিএনপির দলীয়করণ হিসেবে উপস্থাপন করা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক নির্যাতন, মামলা ও হামলার মুখেও বিএনপির নেতাকর্মীরা দল ও আদর্শ থেকে বিচ্যুত হয়নি। তারা জামায়াতে ইসলামীর প্রতি উসকানিমূলক বক্তব্য পরিহার করে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ করার আহ্বান জানান।
একই সঙ্গে যেকোনো অপপ্রচার রাজনৈতিকভাবে জবাব দিতে খুলনা মহানগর বিএনপি প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেছেন।