জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের শ্রীপুর রেলওয়ের স্টেশনে জামালপুর গামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) সন্ধ্যার আগ মুহুর্তে ওই স্থানের রেললাইনে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে স্টেশন মাস্টারকে খবর দেয় স্থানীয়রা।
বৃদ্ধের বয়স আনুমানিক ৬৫-৭০ বছর হবে। এ সংবাদ লিখা পর্যন্ত (রাত ৮টা) নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।
নিহতের পরনে ছিল, গোলাপী রংয়ের পাঞ্জাবী ও সাদা ডোরাকাটা রঙের লুঙ্গি।
স্থানীয় মজিবুর নামে এক দোকানী বলেন, 'শনিবার বিকেলের দিকে ওই বৃদ্ধ স্টেশনের আশপাশে ঘুরাঘুরি করেছিলেন। সন্ধ্যার আগ মুহুর্তে স্টেশনের দক্ষিণের দিকে যান তিনি। এসময় জামালপুর গামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছতেছিল। একপর্যায়ে লাইনের মধ্যে থাকা ওই বৃদ্ধ ট্রেনে কাটা পড়েন। পরে ট্রেন চলে গেলে স্থানীয়দের সহায়তায় তাকে লাইনের সাইটে আনা হয় এবং স্টেশন মাস্টারের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়। এ ঘটনায় তার এক পা দেহ থেকে বিচ্ছিন্ন হয় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম আহমেদ যায়যায়দিনকে বলেন, 'জামালপুরগামী কমিউটার ৫১ ট্রেনটি স্টেশনে প্রবেশ করার পূর্বে এর নিচে কাটা পড়ে এক বৃদ্ধ মারা যাওয়ার খবর পেয়েছি। ৫টা ৪২মিনিটে ওই ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। স্টেশনের ৩৩০ এর ৮-৯ এর মধ্যবর্তী এলাকায় ওই ঘটনা ঘটে। ইতোমধ্যে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশ নিয়ে যাবে।'
জয়দেবপুর রেলওয়ে পু্লিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মো: কাইয়ুম আলী শনিবার রাত সাড়ে ৭টায় বলেন,' আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ আইনগতভাবে উদ্ধার করে ব্যবস্থা নেওয়া হবে।'