বাগেরহাটের চিতলমারী থানার বহুল আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল হোসাইন ওরফে বডি সোহেলকে (৩৬) গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব-৬ জানায়, নিয়মিত অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২০ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট থানার নোয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন রুবেল হোসেনের চায়ের দোকানে অভিযান পরিচালনা করে।
এ সময় চিতলমারী থানার চাঞ্চল্যকর আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ সোহেল হোসাইন ওরফে বডি সোহেলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল হোসাইন খুলনা সদর থানার চাঁনমারী এলাকার বাসিন্দা এবং আব্দুর রাজ্জাকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মার্চ ২০২৬ তারিখে পূর্ব শত্রুতার জের ধরে বডি সোহেলসহ অন্যান্য আসামিরা মোটরসাইকেলযোগে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাদীর ছেলে আমির হামজাকে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেসা বাদী হয়ে চিতলমারী থানায় বডি সোহেলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার চিতলমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানিয়েছে, হত্যা, ধর্ষণ, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার এবং তাদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।