মাদারীপুরের কালকিনি উপজেলায় ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ জুন ২০২৬) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদারীপুর সদর আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার রায়পুর ভাটবালি ও স্নানঘাটা এলাকা থেকে তিনজনকে আটক করে। কালকিনি থানার এসআই রিপনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে।
আটককৃতরা হলেন— রায়পুর ভাটবালি এলাকার মো. সাইমুন ইসলাম (২০), মো. সাঈদ সরদার (২১) এবং স্নানঘাটা এলাকার পারভেজ তালুকদার (৩০)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) প্রবীর কুমার রায় জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।