শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশে নেত্রকোণার দুই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাংগুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, সায়েন্স ক্লাব ও কালচারাল ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
সোমবার প্রথমে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব ক্লাবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা এবং জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী বক্তব্যে, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বর্তমান বিশ্বে শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা যথেষ্ট নয়। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী, সংস্কৃতিমনা ও ভাষাগতভাবে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত এসব ক্লাব শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সৃজনশীল চিন্তাশক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জ্ঞানচর্চা, বিতর্ক, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার প্রয়োজন। এসব ক্লাব সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসকের প্রত্যক্ষ উৎসাহ ও দিকনির্দেশনায় শিক্ষার্থীদের বহুমাত্রিক বিকাশের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যালয়ভিত্তিক সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।