ঢাকা | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ইং | ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
নারায়ণগঞ্জ সদর উপজেলার চুড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায়

আমাদের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবেঃ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২ জুন, ২০২৬ দুপুর ১২:৩৯
ad003
যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” বিতর্ক উৎসবের ফাইনাল পর্ব শেষ হয়েছে।  চ্যাম্পিয়ন কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানারআপ  ১০০নং বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজ ও রানার আপ হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়। 

সোমবার (২২ জুন) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ দিনব্যাপী “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” শীর্ষক পরিবেশ বিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপের হাতে পুরস্কার তুলে দেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, বর্তমানে যে পরিবেশ দূষণ হচ্ছে, তার মূল কারণ আমাদের স্বার্থপরতা। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং প্রাণ ও প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করতে হবে। নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ড্যান্ডি হিসেবে পরিচিত ছিল। আমাদের বসবাসের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে। শিক্ষার্থীরা যদি নিজেদের পরিবারকে দূষণ সম্পর্কে সচেতন করে, তাহলে পরিবেশ সংরক্ষণ অনেক সহজ হবে।

তিনি আরও বলেন, বিদেশে একটি সেমিনারে তিনি দেখেছেন পরিবেশ রক্ষায় সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের বিতর্কে জাপান, সিঙ্গাপুরের উদাহরণ এসেছে। নিয়ম-শৃঙ্খলার ধারাবাহিক চর্চার মাধ্যমেই তারা উন্নত অবস্থানে পৌঁছেছে। আমরাও সেই চর্চা শুরু করেছি। শিশুদের ছোটবেলা থেকেই ভালো অভ্যাস গড়ে তুলতে পারলে তা দীর্ঘস্থায়ী হয়। পরিবেশ দূষণের অন্যতম কারণ অবৈধ ইটভাটা বন্ধে সরকার সবার সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, আগামী বছরের মধ্যে দূষণ কিছুটা হলেও স্বস্তির জায়গায় নিয়ে আসা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে প্রায় ৮ হাজারের মতো ইটভাটা রয়েছে, এর মধ্যে ৫ হাজারই অবৈধ। উন্নয়ন ও নির্মাণকাজের জন্য এখনো ইটের বিকল্প আমরা হান্ড্রেড পার্সেন্ট করতে পারিনি। বিগত সরকারের সময় টার্গেট থাকলেও তা পূরণ হয়নি। আমরা সবার সঙ্গে কথা বলে এ থেকে উত্তরণের পথ বের করবো। কারণ ইটভাটা দূষণের একটা বড় উৎস। এছাড়া ইটিপি ব্যবহার না করা এবং গাড়ির ধোঁয়াও পরিবেশ দূষণ করছে। এসময় পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন,এই বিতর্ক উৎসব শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, সহনশীলতা ও পরিবেশ সচেতনতা তৈরি করেছে। জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল আয়োজনে সহযোগিতা করবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন,পরিবেশ রক্ষার বার্তা শিক্ষার্থীদের মাধ্যমে সমাজে ছড়িয়ে দিতেই এই ৮ দিনের আয়োজন। তারা দূষণ নিয়ে ভাবছে, সমাধানও খুঁজছে।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ - ৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ জেলা প্রশাসনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাএ ছাএীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT