নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২১ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান ওই গ্রামের মৃত আবাল হোসেন খানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে নিজের অটোরিকশার ব্যাটারিতে চার্জ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বাচ্চু খান। এ সময় বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দিতে গেলে হঠাৎ শর্ট সার্কিটের ঘটনা ঘটে। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তার গোঙানির শব্দ শুনে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শৌভিক শ্রাবণ দত্ত জানান, হাসপাতালে আনার আগেই বাচ্চু খানের মৃত্যু হয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই তার প্রাণহানি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বজনরা জানান, অটোরিকশা চালিয়েই সংসারের ব্যয় নির্বাহ করতেন বাচ্চু খান। জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়েই তার এমন করুণ মৃত্যু হবে, তা কেউ কল্পনাও করেননি।
হঠাৎ এ মর্মান্তিক ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম। প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।