নাটোরের লালপুরে ইটভাটা শিল্পের বর্তমান সংকট, লাইসেন্স ও পরিবেশগত জটিলতা নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে লালপুর উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতি।
সোমবার (২৩ জুন) লালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে লালপুর উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমিতির নেতৃবৃন্দ বলেন, উপজেলার বিভিন্ন ইটভাটা দীর্ঘদিন ধরে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই শিল্পের সঙ্গে শ্রমিক, পরিবহন শ্রমিক, কাঁচামাল সরবরাহকারীসহ হাজারো মানুষের জীবিকা জড়িত।
তারা অভিযোগ করেন, লাইসেন্স নবায়ন, পরিবেশগত ছাড়পত্র, কাঁচামাল সংগ্রহ ও পরিবহন সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে ইটভাটা শিল্প বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এর ফলে হাজার হাজার শ্রমিক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। শিল্পটি ক্ষতিগ্রস্ত হলে বেকারত্ব বৃদ্ধি, সামাজিক অবক্ষয় এবং স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির পক্ষ থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো
লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী করা , আইন প্রয়োগের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করা ,
ইটভাটা শিল্প সংশ্লিষ্ট শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা,শিল্পটিকে টিকিয়ে রাখতে বাস্তবসম্মত ও শিল্পবান্ধব নীতিমালা গ্রহণ করা , ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী পরিচালিত ভাটাগুলোর কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা, কাঁচামাল সংগ্রহ ও পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ ভাটা মালিকরা উপস্থিত ছিলেন।
তারা উপজেলা প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিল্প ও শ্রমিকদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সংবাদ সম্মেলন শেষে লালপুর - ঈশ্বরদী সড়কে বিক্ষোভ করেন ভাটা মালিকরা।