মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে গত ১৮ সেপ্টেম্বর রাতে সোহেল মুন্সীকে কুপিয়ে হত্যা ও তার মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি মোঃ দ্বীন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও লৌহজং থানা টিম অভিযান চালিয়ে আজ ২৩ জুন সকালে টংগিবাড়ি থানাধীন সেরাজাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে দ্বীন ইসলাম হত্যার দায় স্বীকার করেছেন।
তদন্তে জানা যায়, দ্বীন ইসলাম নিহত সোহেল মুন্সীর স্ত্রী নুপুরের প্রথম স্বামী। নুপুর প্রায় দেড় বছর আগে দ্বীন ইসলাম ও তাদের তিন বছরের ছেলেকে ছেড়ে সোহেলের সঙ্গে চলে যান। এতে ক্ষুব্ধ হয়ে দ্বীন ইসলাম প্রতিশোধ নিতে সোহেলকে হত্যার পরিকল্পনা করেন।
রাত আনুমানিক ১টার দিকে তিনি বাড়িতে ঢুকে মোটরসাইকেলে আগুন দেন। আগুন নেভাতে আসা সোহেলকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি পালিয়ে যান।
পুলিশ ঘটনাস্থলের কাছ থেকে তার পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।