নাটোরের লালপুর উপজেলায় ইটভাটা রক্ষা, লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজীকরণ এবং ইটভাটা সংশ্লিষ্ট শ্রমিকদের কর্মসংস্থান সংরক্ষণের দাবিতে সংবাদ সম্মেলন বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার ১নং লালপুর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন ও লালপুর ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, লালপুর উপজেলার অর্থনীতিতে ইটভাটা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার শ্রমিক, কর্মচারী, পরিবহন শ্রমিক, কাঁচামাল সরবরাহকারী এবং ক্ষুদ্র ব্যবসায়ী জড়িত। ইটভাটার ওপর নির্ভরশীল অসংখ্য পরিবার জীবিকা নির্বাহ করে আসছে।
বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন প্রশাসনিক জটিলতা, কাঁচামাল সংগ্রহে প্রতিবন্ধকতা এবং লাইসেন্স নবায়ন সংক্রান্ত জটিলতার কারণে ইটভাটা গুলো বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। এর ফলে একদিকে ভাটা মালিকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে প্রায় লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়ছে।
সংবাদ সম্মেলনে তারা বলেন, পরিবেশগত বিধি-বিধান ও প্রচলিত আইন মেনে পরিচালিত বৈধ ইটভাটাগুলোর লাইসেন্স নবায়ন এবং কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বৈধভাবে কাঁচামাল সংগ্রহ ও পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান তারা।
তারা আরও বলেন, সরকার নির্ধারিত কর, ভ্যাট ও অন্যান্য রাজস্ব নিয়মিত পরিশোধ করেও ইটভাটা মালিকরা নানা জটিলতার সম্মুখীন হচ্ছেন। কোনো ইটভাটা বন্ধের সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা ইট প্রস্তুতকারী ভাটা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. সবুজ আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আসাদুল ইসলাম, সদস্য মো. আবুল কাশেম, মো. জিয়ারুল ইসলাম, মো. আনিসুর রহমান, মোহাম্মদ ইউসুফ আলী, মো. হুমায়ুন সরদার, মো. সোহেল ইসলাম, মো. ঈদবার আলী, মো. হাফিজুল ইসলাম, মো. শাহাবুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে বক্তারা লালপুর উপজেলার ইটভাটা গুলো টিকিয়ে রাখতে এবং শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলন শেষে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নাটোর ডিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।