শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রমূলক অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় নড়িয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। এতে নড়িয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও কলেজ ছাত্রদলসহ অঙ্গসংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ।
মিছিলে বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও নিষিদ্ধ এই সংগঠনটির একশ্রেণির নেতাকর্মী দেশের বিভিন্ন স্থানে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা কঠোর হাতে প্রতিহত করা হবে। দেশের মানুষ আর কোনো ষড়যন্ত্র বরদাশত করবে না।
মিছিল শেষে নড়িয়া সরকারি কলেজে আয়োজিত বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কিরণ বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এম. সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কায়ুম খান, নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাসও নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।