নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ফয়সাল প্রধান (১৭) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার মুন্সেফেরচর শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল একই এলাকার বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী জহির প্রধানের ছেলে।
ইটাখোলা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ফয়সাল মোটরসাইকেল যোগে মহাসড়ক হয়ে মুন্সেফেরচর নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা এক কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফয়সাল গুরুতর আহত হলে তাকে প্রথমে নরসিংদী জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।