বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে কলেজ মিলনায়তনে এ উপলক্ষে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীম। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ধাপই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসের মাধ্যমে তোমরা নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে।’
গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শাখার সহকারী অধ্যাপক মোঃ আলিমুজ্জামান, স্কুল শাখার সহকারী শিক্ষক আলী আজিম খান পলাশ এবং সহকারী শিক্ষক মাওলানা এস. এম. গিয়াস উদ্দিন।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন প্রদীপ্তা চক্রবর্তী, কাজী তাসনিম জারিন, সাহারা মরিয়ম, ইশিকা পাল, হুমায়রা ও ইন্দ্রা জয়ধর। তারা বিদ্যালয় ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যৎ জীবনের জন্য সবার দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে কলেজ শাখার ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ মহিদুল ইসলাম বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।