জয়পুরহাটের ক্ষেতলালে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কিশোর গ্যাং দমনে করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বুধবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রউফ, ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল করিম, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, পৌর জামায়াতের রাজনৈতিক সহকারী মীর স্বয়নসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় বক্তারা উপজেলার শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর অপরাধ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা, জনদুর্ভোগ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে সদস্যরা মতামত তুলে ধরেন। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভা শেষে উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।