শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কৃষিজমি খনন, অবৈধ মাটি কাটা এবং মাদকসেবনের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে একটি ভেকু মেশিন অকার্যকর করা হয়, একজনকে অর্থদণ্ড এবং একজন মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে ফতেহজঙ্গপুর ইউনিয়নের আকসা গ্রামে কৃষিজমি খনন করে মাছের ঘের তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও জমি খননের কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি অকার্যকর করে দেওয়া হয়।
এরপর সন্ধ্যা ৭টার দিকে ভোজেশ্বর ইউনিয়নের খেজুরতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তদন্তে দেখা যায়, একটি পুরোনো মাছের ঘের সংস্কারের আড়ালে ভেকু মেশিন ব্যবহার করে মাটি কাটা হচ্ছিল। সরকারি নির্দেশনা অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় মো. নাসির (৩৫) নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
একই দিন রাত ৯টার দিকে নড়িয়া উপজেলা কমপ্লেক্স এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের অভিযোগে বাবুল বেপারি (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, কৃষিজমি রক্ষা, অবৈধ মাটি কাটা বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।