সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি রক্ষা এবং সুস্থ শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই উপজেলার প্রতিটি উপযুক্ত বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন করার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন ক্যাম্পেইনের বিভিন্ন কার্যক্রম, কেন্দ্র পরিচালনা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব এবং শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।
উল্লেখ্য, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।