"মাদকমুক্ত সমাজ গঠনে সবাই মিলে এগিয়ে আসি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬।
শুক্রবার (২৬ জুন) সকাল ৮টা ৪৫ মিনিটে শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম (সেবা) বলেন, শুধু একটি দিবস পালন করলেই মাদক প্রতিরোধ সম্ভব নয়; বরং বছরজুড়ে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কোনো মানুষ জন্মগতভাবে মাদকাসক্ত হয় না। পারিবারিক অবহেলা, অসচেতনতা, খারাপ সঙ্গ ও সামাজিক পরিবেশের কারণে অনেকেই মাদকের দিকে ঝুঁকে পড়ে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তান বিদ্যালয়ে নিয়মিত যাচ্ছে কি না, কার সঙ্গে চলাফেরা করছে এবং মোবাইল ফোনের মাধ্যমে কী দেখছে ও কী শিখছে—এসব বিষয়ে সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক সন্তানদের দামী মোটরসাইকেল কিনে দেওয়ার আগে তাদের চলাফেরা ও বন্ধু-বান্ধব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্টদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) শেখ জয়নুদ্দীন, পিপিএম (সেবা), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম (সেবা), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় খুলনার অতিরিক্ত পরিচালক মো. হাসানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।