ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ দুপুর ২:৩১
ad003
নেত্রকোণা শহরের বারহাট্টা রোডে বায়তুস সালাম জামে মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা করেছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার (২৬ জুন) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি, মাদক ও কিশোর গ্যাং নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, গুজব রোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনসাধারণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, রাজুর বাজার এলাকার দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি প্রশংসনীয়। এই সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি ভবিষ্যতেও অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পুলিশ সুপার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি নামাজের সময় ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জুমার জামায়াতে আগত মুসল্লিদের পকেটমার ও অজ্ঞান পার্টির সদস্যদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত থানায় যোগাযোগ করতে হবে।

এ সময় রাজুর বাজার এলাকার প্রধান সড়ক ও মসজিদসংলগ্ন এলাকায় যানজট এড়াতে যত্রতত্র মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন পার্কিং না করার আহ্বান জানান তিনি। 

একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো থেকে বিরত রাখতে অভিভাবকদের সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু। এলাকার যেকোনো সন্দেহজনক ব্যক্তি, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা আইনশৃঙ্খলা-সংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানালে অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।

তিনি যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নেত্রকোণা মডেল থানার ডিউটি অফিসারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানান।

সভায় বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। পাশাপাশি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুসল্লিদের সঙ্গে আলোচনা করে অপরাধ দমনে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT