পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাকবিরোধী প্রচার-প্রচারণার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাব্বত খান, জিয়ানগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা সেক্রেটারি তওহীদুর রহমান রাহাত, জিয়ানগর প্রেস ক্লাবের সভাপতি খান মো. নাসির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, "মদ ও মাদক—দুটিই সমাজের জন্য সমান ক্ষতিকর। একদিকে মদের লাইসেন্স দেওয়া হবে, অন্যদিকে মাদকবিরোধী সমাবেশ করা হবে—এটি হতে পারে না। মাদকের মতো মদকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে।"
সভায় বক্তারা ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা একটি সুস্থ, সচেতন ও তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ সময় মাদক নিয়ন্ত্রণে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও সংসদে তা পাসের উদ্যোগ গ্রহণের জন্য উপস্থিত বক্তারা সংসদ সদস্য মাসুদ সাঈদীর দৃষ্টি আকর্ষণ করেন।
পরে এমপির ঐচ্ছিক তহবিল থেকে ২৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩,০০০ (তিন হাজার) টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া, এমপি মাসুদ সাঈদী ইন্দুরকানী বাজারে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন এবং চাড়াখালী বলেশ্বর সেতুর নিচে বৈশাখী চত্বর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পাশাপাশি, স্থানীয় ঘোষেরহাট বাজারে দীর্ঘদিন ধরে অবহেলিত জনগুরুত্বপূর্ণ একটি সেতুর উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন।