রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৩ হাজার টাকার জাল নোট ও ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৫। এ সময় লাল গোলাপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের কর্মচারী নাইমুলকে গ্রেপ্তার করা হয়। তবে সমিতির মালিক ও মূল হোতা রাজু পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্র ও র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে র্যাব-৫-এর স্কোয়াড লিডার নুরুল ইসলামের নেতৃত্বে মোহনপুর উপজেলার কেশরহাট বাজারের পূর্ব পাশে মচমইল রোড এলাকায় অবস্থিত সমিতির কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্যালয় থেকে ৯৩ হাজার টাকার জাল নোট এবং ৩৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কর্মচারী নাইমুলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫-এর ইন্সপেক্টর ইকবাল হাসান জানান, রাজু ওই সমিতির আড়ালে জাল টাকা ও মাদকের ব্যবসা পরিচালনা করতেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল নোট সংক্রান্ত প্রচলিত আইনে মোহনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, সমিতির মালিক রাজু পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।