ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া নবজাতকের মরদেহ উদ্ধার, পূর্বধলায় চাঞ্চল্য

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ৭:০৭
ad003
নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে ইটের সঙ্গে বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে স্থানীয় বাসিন্দারা কালিহর নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে পূর্বধলা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর তদন্ত) হাবিবুর রহমান পিপিএম, এসআই ফারুক হোসেন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি একটি কালো রঙের শার্টে মোড়ানো ছিল। স্থানীয়দের সহযোগিতায় সেটি নদী থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নবজাতকটি কন্যাশিশু বলে নিশ্চিত করেছে পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের মরদেহটি কালো শার্টে পেঁচিয়ে লাল রঙের একটি রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে নদীতে ডুবিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে কোনো কারণে সেটি ভেসে ওঠে এবং স্থানীয়দের নজরে আসে।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে নবজাতকের পরিচয় শনাক্ত এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে, এমন নির্মম ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT