ঢাকা | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ইং | ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অভিযান: এক মাসে ২১ মাদকসেবী-কারবারির কারাদণ্ড

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ সকাল ৮:০৫
ad003
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে চলতি জুন মাসজুড়ে ২১ জন মাদকসেবী ও মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদকসহ হাতেনাতে আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব দণ্ডাদেশ প্রদান করেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জুন মাসব্যাপী পরিচালিত অভিযানে শেখ মুজিবর রহমান, হারুন অর রশিদ, পলাশ মিয়া, সাফায়েত উল্লাহ, রিপন খান, নবাব মিয়া, কাজল মিয়া, পরিমল রবি দাস, জগবন্ধু চন্দ্র দাস, লেলিন সরকার, সানোয়ার হোসেন, মহন হাসান, আরমান মিয়া, শহিদুল হক, রুকন মিয়া, নজরুল ইসলাম, তুষার মিয়া, কাউসার আহম্মেদ, জহিরুল ইসলাম, মাসুম মিয়া এবং সাকিব খান পাঠান অঙ্কনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে কাজল মিয়াকে সর্বোচ্চ পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জগবন্ধু চন্দ্র দাস চার মাস, পরিমল রবি দাস, লেলিন সরকার এবং সাকিব খান পাঠান অঙ্কন তিন মাস, মাসুম মিয়া ও জহিরুল ইসলাম এক মাসের কারাদণ্ড পেয়েছেন। অপরদিকে, অপরাধের ধরন অনুযায়ী অন্যদের তিন দিন থেকে ২০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া পলাশ মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩৫ হাজার টাকা অর্থদণ্ড এবং লেলিন সরকারকে তিন মাসের কারাদণ্ডের সঙ্গে ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা জরুরি। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাই।”

তিনি আরও বলেন, মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT