নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার প্রত্যয়ে দুর্গাপুর প্রতিভা কোচিং হোম-এ ২০২৬ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের (২৯ জুন) বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের পরিচালক মাসুম বিল্লাহ অভি-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে এবারের ব্যাচের ৫০ জন এইচ.এস.সি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এমদাদুল হাসান, শান্ত দে এবং জাহিদ হাসান। বক্তারা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে অধ্যবসায়, সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের কোনো বিকল্প নেই। তারা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ, সময়ের সঠিক ব্যবহার এবং সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফল শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; এটি পরিবার, সমাজ ও দেশের জন্যও গর্বের বিষয়। তাই দেশপ্রেম, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, অভিভাবক, শিক্ষানুরাগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা শিক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ জনশক্তি ও দেশ গঠনের কারিগর। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক গুণাবলীর চর্চাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
সবশেষে ২০২৬ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদায়ের আবেগঘন মুহূর্তে শিক্ষক-শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নেত্রকোণার দুর্গাপুরে আয়োজিত এ বিদায় সংবর্ধনা শিক্ষার্থীদের আগামী পথচলায় আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার নতুন বার্তা হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।