ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার আশিক গ্রুপের দুই সক্রিয় সদস্য গ্রেফতার, রফিক গাজী হত্যা মামলার সন্দিগ্ধ আসামি

author
খুলনা ব্যুরো

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ সকাল ৫:৫৪
ad003
খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং বহুল আলোচিত রফিক গাজী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‌্যাব-৬ জানায়, সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ সদর কোম্পানির একটি দল। এ সময় খুলনার লবণচরা এলাকার বাসিন্দা ইমন শরীফ (২৭) ও সজল খান (২৫)-কে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত দুজনই খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য এবং লবণচরা থানার চাঞ্চল্যকর রফিক গাজী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।

মামলার তথ্য অনুযায়ী, নিহত রফিক গাজী (৪০) একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলেন। গত ১২ জুন সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে লবণচরা থানার মাথাভাঙা এলাকার রায়পাড়ায় পৌঁছালে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে তারা পিস্তল দিয়ে গুলি করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত রফিক গাজীকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একই দিন দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেফতার এবং চাঞ্চল্যকর মামলার তদন্তে সহযোগিতার লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT