ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মাহাথির বিন মোহাম্মদ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পৌরসভার গোদারিয়া (উত্তর) এলাকার চেরাগ আলী রাইস মিল সংলগ্ন আনোয়ারখিলা সড়কের পাশ থেকে আরিফ মিয়া (৩৩) ও সাকিব হাসান (২২)-কে আটক করা হয়। তল্লাশি চালিয়ে আরিফের কাছ থেকে ৬ পিস এবং সাকিবের কাছ থেকে ৪ পিসসহ মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন যায়যায়দিনকে জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া দুইজনের বিরুদ্ধে ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।