ঢাকা | সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ইং | ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে আবারও জেলের জালে জীবিত রাসেল ভাইপার সাপ উদ্ধার

author
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ সকাল ৯:৫৭
ad003
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের হারুকান্দি এলাকা থেকে আবারও একটি জীবিত রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) ভোরে মাছ ধরার জালে সাপটি ধরা পড়লে সেটিকে না মেরে নিরাপদে সংরক্ষণ করে স্থানীয় খেয়াঘাটে নিয়ে আসেন সুজন নামের এক জেলে। পরে খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা সাপটি বন বিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আন্ধারমানিক এলাকার জেলে সুজন সোমবার রাতে পদ্মা নদীতে মাছ ধরার জন্য জাল পেতে রাখেন। মঙ্গলবার ভোরে জাল তুলতে গিয়ে তিনি একটি জীবিত রাসেল ভাইপার সাপ দেখতে পান। পরে সাপটিকে না মেরে একটি নেটের মধ্যে নিরাপদে আটকে রেখে আন্ধারমানিক খেয়াঘাটে নিয়ে আসেন।

জেলে সুজন বলেন, 'সাপটি না মেরে ধরে এনেছি। যদি এটি দেশের কোনো গবেষণার কাজে লাগে, সেই চিন্তা থেকেই সংরক্ষণ করেছি।'

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ খেয়াঘাটে ভিড় করেন। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।

পদ্মাপাড়ের বাসিন্দা হরিরামপুর শ্যামল নিসর্গ কর্মী আবিদ হাসান জানান, প্রায় ২ বছর আগে এই অঞ্চলে একাধিকবার রাসেল ভাইপার ধরা পড়েছিল। সে সময় জেলেদের জালসহ বিভিন্ন স্থানে সাপটির দেখা মিলে এবং সাপের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটে। দীর্ঘদিন পর আবার জীবিত রাসেল ভাইপার উদ্ধার হওয়ায় নদী তীরবর্তী এলাকায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, 'স্নেক রেসকিউ টিম বাংলাদেশ এর সহযোগিতায় সাপটি নিয়ে আসা হয়। জীবিত উদ্ধার হওয়ায় সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT