কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে বাড়ি ফেরার সময় সশস্ত্র ছিনতাইকারীদের কবলে পড়ে মোটরসাইকেল হারিয়েছেন এক প্রকৌশলী। চাপাতির ভয় দেখিয়ে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন সদস্যের একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া চৌরাস্তা পেট্রোলপাম্প-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় প্রতিষ্ঠান টোয়েন্টি টেক ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট-এর স্বত্বাধিকারী।
আরিফুল ইসলাম জানান, বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি এলাকায় বড় পর্দায় ব্রাজিল-জাপানের বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কোদালিয়া চৌরাস্তা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা তিন যুবক তার পথরোধ করে।
তারা প্রথমে দাবি করে, তিনি নাকি পেছনে একটি সড়ক দুর্ঘটনা ঘটিয়ে এসেছেন। বিষয়টি দেখতে মোটরসাইকেল ঘোরানোর চেষ্টা করতেই এক ব্যক্তি চাপাতি উঁচিয়ে তার ওপর হামলার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক বুঝে আরিফুল ইসলাম মোটরসাইকেল ফেলে দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় এক ছিনতাইকারী চাপাতি হাতে তাকে কিছু দূর পর্যন্ত ধাওয়া করে। পরে দুর্বৃত্তরা তার ব্যবহৃত পালসার সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর তিনি পরিচিত একজনকে ফোন করে ঘটনাস্থলে ডাকেন। পরে তারা সুখিয়া বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলের খোঁজ করেও কোনো সন্ধান পাননি। তার ধারণা, ছিনতাইকারীরা মহাসড়ক এড়িয়ে বিকল্প গ্রামীণ সড়ক ব্যবহার করে পালিয়ে গেছে।
ভুক্তভোগী আরও জানান, ঘটনার পরপরই তিনি পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে টহলরত পুলিশ সদস্যদের ওয়্যারলেসের মাধ্যমে সতর্ক করা হয় এবং বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেল আটক করে ভুক্তভোগীকে দেখানো হলেও সেটি তার মোটরসাইকেল ছিল না। ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।