ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রিভিউর মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন হবে : আসলাম চৌধুরী

'কর্মীদের শান্ত থাকার নির্দেশ'

author
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ দুপুর ৩:০১
ad003
আপিল বিভাগের রায়ে প্রার্থিতা বাতিল হলেও পিছু হটছেন না চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আসলাম চৌধুরী। পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর রিভিউ আবেদন করার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে জনগণের দুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) আপিল বিভাগের রায় ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন আসলাম চৌধুরী।

তিনি বলেন, নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। পরে মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হলেও তা খারিজ হয়। এরপর সুপ্রিম কোর্টে আপিলের পরও তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় এবং জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করে।

তিনি বলেন, আপিল বিভাগের রায়ে জনগণের সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। ঋণখেলাপির যে সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞা অনুযায়ী আমরা প্রতিটি পর্যায়ে বৈধ হয়েছি। এখন যদি আপিল বিভাগ নতুন কোনো সংজ্ঞা দিয়ে থাকে, তাহলে অবশ্যই সেই রায়ের বিষয়ে আমাদের মন্তব্য করার সুযোগ নেই।

আসলাম চৌধুরী বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর তারা রিভিউ আবেদন করবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রিভিউর মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন হবে এবং আমরা বিজয়ী হব।

তিনি বলেন, এ রায়ের মধ্য দিয়ে প্রতীয়মান হয়, আমাদের বিচারবিভাগ স্বাধীন এবং স্বাধীনভাবেই কাজ পরিচালনা করছে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আসলাম চৌধুরী বলেন, মহাসড়কে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনগণের দুর্ভোগ করবেন না। বিএনপি এখন সরকার পরিচালনা করছে। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সরকারেরই বদনাম হবে। জনগণের দুর্ভোগ হয় এমন সব ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে হবে।

তিনি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিকভাবে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।

প্রসঙ্গত, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী। ওই আপিলের শুনানি শেষে আজ সকালে আপিল বিভাগ তার আপিল মঞ্জুর করে রায় দেন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন আসলাম চৌধুরী এফসিএ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT