পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে বর্ষার পানিতে স্থানীয় ৮টি পরিবারের বসতবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। গৃহস্থালি সামগ্রী নিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় স্থানীয় বাসিন্দা শ্রী সুমন চন্দ্র রায় ইউনিয়ন পরিষদ প্রশাসক বরাবর লিখিত আবেদন করে নিষ্কাশন চ্যানেল উদ্ধারের দাবি জানিয়েছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার বাড়িগুলোর উঠোনে হাঁটুপানি জমে আছে। চলাচলের কোনো পথ না থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ সদস্যরা ঘরবন্দি জীবনযাপন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ববর্তী বছরগুলোতে হাইওয়ে রাস্তার পাশের খাল দিয়ে স্বাভাবিকভাবে পানি নিষ্কাশিত হলেও এ বছর সংশ্লিষ্ট জমির মালিকরা ওই নিষ্কাশন পথ বন্ধ করে দেন। আবেদনকারী শ্রী সুমন চন্দ্র রায় বলেন, "আমার বাড়িতে ছোট সন্তান ও বয়স্ক মা আছেন। তারা ঘর থেকে বের হতে পারছেন না।
হাঁটুপানিতে আমরা দিশেহারা। দ্রুত রিং পাইপের ব্যবস্থা করা গেলে পানি নিষ্কাশন সম্ভব, আর আমরাও পানি থেকে রেহাই পাব।" আরেক ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা শ্রী অনুকূল রায় বলেন, "গত কয়েকদিন ধরেই আমরা পানির মধ্যে আছি। খাওয়ার পানি, রান্না— সব ব্যাহত। শিশুদের নিয়ে বিপদের মধ্যে আছি। এবিষয়ে ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, "আমি বিষয়টি জেনেছি ও আবেদনপত্র পেয়েছি। খুব শিগগিরই ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিদর্শন করব এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।" এদিকে স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।