ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ২ বিজিবি’র পৃথক অভিযানে ০২ জন আসামিসহ ২,৯০,০০০ পিস ইয়াবা উদ্ধার

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ২ জুলাই, ২০২৬ সকাল ৬:১২
ad003
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ নাফ নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামিসহ ১,২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার ০১ জুলাই ২০২৬ ইংরেজি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাদকের একটি বড় চালান মায়ানমার হতে নাফ নদী অতিক্রম করে শাহপরীরদ্বীপ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির পরিকল্পনা ও নির্দেশনায় শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় শাহপরীর দ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে নাফ নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ শেষে উক্ত এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে।

পরে শাহপরীরদ্বীপ বিওপির প্রযুক্তিগত পর্যবেক্ষণে নাফ নদীর মায়ানমার প্রান্তে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হয়। পরে গোয়েন্দা সূত্রে জানা যায় যে, উক্ত নৌকাযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করা হতে পারে। এর পরিপ্রেক্ষিতে বিজিবি’র নৌটহল দল তাৎক্ষণিকভাবে নাফ নদীতে কৌশলগত অবস্থান গ্রহণ করে সন্দেহভাজন নৌকাটির গতিবিধি পর্যবেক্ষণের একপর্যায়ে একজন ব্যক্তিকে ০২টি বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। পরে বিজিবি উক্ত ব্যক্তিকে বস্তাসহ আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায় সে সন্দেহভাজন ওই নৌকা হতে নদীতে নেমে মাদকদ্রব্যসহ সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। পরবর্তীতে, তার সঙ্গে থাকা ০২টি বস্তা তল্লাশি করে ১,২০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ৩,৬০,০০,০০০ টাকা।

আটককৃত আসামি হল, জাগীর হোসেন (২৮), পিতা-আব্দুল হক, মাতা-ফাতেমা খাতুন, গ্রাম-সাবরাং জালিয়া পাড়া, ০৯ নম্বর ওয়ার্ড, পোস্ট-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

অন্যদিকে আরেকটি অভিযানে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধীনস্থ নাজির পাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামিসহ ১,৭০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাদকের একটি বড় চালান মায়ানমার হতে নাফ নদী অতিক্রম করে নাজির পাড়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির পরিকল্পনা ও নির্দেশনায় নাজির পাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ আলুগোলা পোস্ট সংলগ্ন শফি চেয়ারম্যানের মাছের ঘের এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা মোতাবেক বিজিবি’র আভিযানিক দল আনুমানিক ১০.২০ টায় উক্ত এলাকায় গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

পরে, আনুমানিক ১১টায় বিজিবি’র আভিযানিক দল ০৩ জন ব্যক্তিকে জেলের ছদ্মবেশে মাছ ধরার অভিনয় করে মায়ানমার হতে মাদকের একটি চালান গ্রহণপূর্বক ঠেলা জালসহ আলুগোলা পোস্টসংলগ্ন বেড়িবাঁধের দিকে আসতে দেখে থামার সংকেত দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি’র আভিযানিক দল তাদের ধাওয়া করে ০১ জন ব্যক্তিকে ঠেলা জালসহ আটক করতে সক্ষম হয়। অপর ০২ জন ব্যক্তি দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে, আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা ঠেলা জালটি তল্লাশি করে জালের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১,৭০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫,১০,০০,০০০ টাকা।

আটককৃত আসামি হল, আজিজুল হক (৩৮), পিতা-হোসেন আহমদ, মাতা-নূর হাতু, গ্রাম-দক্ষিণ ডেইল পাড়া, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম, প্রযুক্তিগত নজরদারি, নিয়মিত স্থল ও নৌটহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত আসামি এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি ঘটনার ও তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT