ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাকি আক্তার-(২৮) নামে এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত লাকি আক্তার পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রামনকুমার ইউনিয়নের রামপুর গ্রামের শামসুল হুদার মেয়ে। তিনি নাসিরনগর উপজেলার গুনিয়াউক ১০শয্যার হাসপাতালে একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তাঁর শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। গুনিয়াউক ১০শয্যার হাসপাতালের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত হুমায়ূন কবীরের ছেলে শরীফ আহমেদ- (৩৫) এর সাথে ৮/৯বছর আগে লাকির বিয়ে হয়। লাকি নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের মুন্সী মুজাহিদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
বুধবার সকাল আটটা থেকে দুপুর আড়াই পর্যন্ত নিজের কর্মস্থল গুনিয়াউক ১০ শয্যা বিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করেন লাকি আক্তার। বিকেল সাড়ে চারটার দিকে ভাড়া বাসার দ্বিতীয় তলায় পাখার লোহার হুকের সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে সন্ধ্যায় নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া বলেন, একজন নার্স আত্মহত্যা করেছে। তবে তিনি কেন এমন করলেন, তা এখনো জানা যায়নি।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।