খুলনার কয়রা উপজেলার মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম সোহরাব হোসেন গাজী ও সহকারী শিক্ষিকা কুলসুম নাহারের বিরুদ্ধে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ এনে তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় উপজেলার বাগালী ইউনিয়নের মাথাভাঙ্গা কালভার্ট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। উপস্থিত ছিলেন এলাকার আকরাম হোসেন, মারুফা খাতুন, জেসমিন সুলতানা, মফিজুল ইসলাম, নাজমুল হক, মমতাজ পারভীনসহ স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক জি এম সোহরাব হোসেন নিয়মিত বিদ্যালয়ে নির্ধারিত সময়ের পরে উপস্থিত হন এবং দুপুর ১টার দিকে বিদ্যালয় ত্যাগ করেন। এতে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের দিয়ে ব্যক্তিগত কাজ করানো হয়, বিদ্যালয় চলাকালে গায়ে গামছা দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করতে দেখা যায় এবং বিদ্যালয় প্রাঙ্গণ দীর্ঘদিন অপরিচ্ছন্ন থাকায় অনেক অভিভাবক তাদের সন্তানদের ওই বিদ্যালয়ে পাঠাতে অনাগ্রহী হয়ে পড়েছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রধান শিক্ষক নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করেছেন। এসব অনিয়মের প্রতিকার চেয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।
সহকারী শিক্ষিকা কুলসুম নাহারের বিরুদ্ধেও অভিযোগ তুলে এলাকাবাসী বলেন, তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেও প্রধান শিক্ষকের সহযোগিতায় হাজিরা দেখিয়ে সরকারি বেতন-ভাতা উত্তোলন করছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক জি এম সোহরাব হোসেন গাজী বলেন, "মানববন্ধনে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।"
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার বলেন, "দুই শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধনের বিষয়টি শুনেছি। অভিযোগগুলো তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"