ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খেলা শুরুর আগেই আর্জেন্টিনা সমর্থক খেলোয়াড়ের মৃত্যু

author
তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত : ৩ জুলাই, ২০২৬ বিকেল ৪:০৭
ad003
বরগুনার তালতলীতে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচ শুরুর আগেই খোকন কর্মকার নামে আর্জেন্টিনা সমর্থক এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। নিহত খোকন কর্মকার তালতলী পৌর শহরের বাসিন্দা দিলীপ কর্মকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে তালতলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। দুই দলের ১১ জন করে খেলোয়াড় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। খেলা শুরুর আগে ওয়ার্ম-আপ ও অনুশীলনের সময় হঠাৎ আর্জেন্টিনা সমর্থক খেলোয়াড় খোকন কর্মকার বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত খেলোয়াড় ও দর্শকরা তাকে দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সব্যসাচী দাস সানি বলেন, খোকন কর্মকারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. সোলায়মান বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে দুটি দলে ভাগ হয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। খেলা শুরুর আগে খেলোয়াড়রা অনুশীলন করছিলেন। এ সময় হঠাৎ খোকন কর্মকার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন,ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT