মাঠের সাফল্যের পাশাপাশি মানবিকতায় আবারও নজর কাড়লেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী রোনালদো। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো ছোট্ট এক ভক্তের স্বপ্ন পূরণ করে প্রশংসায় ভাসছেন তিনি।
সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানে একাধিক শক্তিশালী ভূমিকম্প। এতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেসও সেই দুর্যোগের শিকার। ভূমিকম্পে সে একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কঠিন সময়ের মধ্যেও আন্দ্রেসের একটি ছোট্ট ইচ্ছা ছিল। বিশ্বকাপের স্টিকার অ্যালবামের জন্য তিনি চেয়েছিলেন নিজের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল স্টিকার। শিশুটির সেই আকাঙ্ক্ষার কথা পৌঁছে যায় রোনালদোর কাছে। এরপর পর্তুগালের জার্সি গায়ে একটি ব্যক্তিগত ভিডিওবার্তা পাঠান তিনি।